ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৫ নম্বর কক্ষে এ সভার আয়োজন করা হয়। 

​মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল ড. মাহবুবুর রহমান। এ সময় মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিটের ক্যাম্পাস গার্ডিয়ান ; ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী, হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. জাফর আলী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার এবং ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়সাল হোসেন, মোরাল প্যারেন্টিং ট্রাস্টের কেন্দ্রীয় সভাপতি ওয়াহিদুর রহমান মিরাজসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, "একটি নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট কাজ করে যাচ্ছে। এই সংগঠন বৃত্তি প্রদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলতে ভাষা শিক্ষা ও কম্পিউটার শিক্ষার মতো বিভিন্ন আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়া সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে 'স্বাবলম্বী প্রজেক্ট'-এর মাধ্যমে শিক্ষার্থীদের এককালীন অর্থ দিয়ে স্বাবলম্বী করেতে কাজ করে যাচ্ছে। সংগঠনের এ ধরনের কার্যক্রম দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

​অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ক্যাম্পাস প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তাঁদের পড়াশোনা, ব্যক্তিগত উন্নয়ন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন এবং তাঁদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে এবং ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​উল্লেখ্য, মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’ একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন। নৈতিক সমাজ গঠনের উদ্দেশ্য সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তি প্রদান করে থাকে সংগঠনটি। বর্তমানে ‘মোরাল প্যারেন্টিং পরিবার, ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট’-এর অধীনে ৭০ জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com