'ওএমএসের চাল-আটা বিতরণে অনিয়ম বরদাস্ত করা হবে না'—মানিকগঞ্জের জেলা প্রশাসক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রমে চাল ও আটা বিতরণে কোনো ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা ।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওএমএস কমিটির সদস্য, ডিলার ও সুবিধাভোগীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

জেলা প্রশাসক বলেন, ওএমএস কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে । চাল ও আটা বিতরণে নির্ধারিত নিয়মনীতি অনুসরণ এবং সরকারি খাদ্যসহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে ।

তিনি আরও বলেন, খাদ্যশস্য বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে হবে । দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না । এ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, ডিলার ও সুবিধাভোগীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জেলা খাদ্য নিয়ন্ত্রক আশিক মাহমুদসহ ওএমএস ডিলাররা ।

বক্তারা ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ।

জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা ওএমএস কমিটির সদস্য, ডিলার, সুবিধাভোগী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com