রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে হঠাৎ প্রতিকূল আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। ঝড়ো হাওয়ায় পাকা ও আধাপাকা ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকার ধান ক্ষেত আংশিক হেলে পড়েছে। এতে পাকার মুখে থাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। গাছ হেলে যাওয়ায় শীষ পচে যাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা।

কিছুদিন আগেও যে মাঠে সোনালি ফসলের স্বপ্ন দুলছিল, আজ সেই মাঠেই নেমে এসেছে হতাশার ছায়া। স্থানীয় কৃষকরা জানান, চলতি মৌসুমে ধার-দেনা ও ঋণ করে অনেক কষ্টে তারা আমন ধান চাষ করেছিলেন। ধান কাটা ও মাড়াইয়ের ঠিক আগমুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগে তাদের পরিশ্রম ও স্বপ্ন দুটোই এলোমেলো হয়ে গেছে।

এক কৃষক আক্ষেপ করে বলেন, সোনালি ধান ঘরে তোলার আগেই অনেক জমিতে গাছ হেলে পড়েছে। এখন কী করব, বুঝতে পারছি না। প্রকৃতির এই আকস্মিক বৈরিতায় রাণীনগরের কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com