কার্তিকের ভোরে কুয়াশার চাদর: শিশিরভেজা জয়পুরহাটে শীতের হাতছানি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

কার্তিকের স্নিগ্ধ ভোর। কাঁচাসোনা রোদের আগেই প্রকৃতি জড়িয়ে নিচ্ছে হালকা কুয়াশার মায়াবী চাদর। ঘাসের ডগায় টলমল করছে মুক্তোদানা শিশিরবিন্দু, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে হিমেল পরশ।

৩০ অক্টোবর শুক্রবার উত্তরের জনপদ জয়পুরহাটে এভাবেই জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের দোলা-হেমন্তের আঁচল ছুঁয়ে দ্বারে কড়া নাড়ছে শীত।

ভোরের আলো ফুটতেই দেখা যায় এক অপূর্ব চিত্র। গ্রামীণ মেঠোপথ থেকে শুরু করে বিস্তীর্ণ ফসলের মাঠ-সবখানেই কুয়াশা আর শিশিরের মিতালি।

সোনালি ধানের শিষগুলো শিশিরের ভারে নুয়ে পড়ছে, যেন ধরণীর বুকে প্রকৃতির নিজস্ব আলপনা। এই মোহনীয় আবহে ব্যস্ততা বেড়েছে কিষান-কিষানির।

সোনালি স্বপ্ন ঘরে তোলার আনন্দে যেমন ঘাম ঝরছে মাঠে, তেমনি শুরু হয়েছে আসন্ন রবি মৌসুমের প্রস্তুতি।

ভোরের শান্ত ও শীতল পরিবেশ উপভোগ করতে মেঠোপথে বাড়ছে প্রাতভ্রমণকারীদের ভিড়। 

হাঁটতে বের হওয়া স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম আকন্দ বলেন, “ভোরের দিকে এখন বেশ কুয়াশা পড়ছে, শরীরে লাগছে শিরশিরে ঠাণ্ডা।

শহরের কোলাহল ছেড়ে এমন স্নিগ্ধ সকালে হাঁটতে অন্যরকম প্রশান্তি পাই।”

মাঠে ফসলের পরিচর্যায় ব্যস্ত কৃষক জালাল উদ্দিন ও তৈইমুদ্দিন জানান প্রকৃতির এই পরিবর্তনের সাথে তাদের জীবনের যোগসূত্র।

তিনি বলেন, “কুয়াশা আর শিশির নামার মানেই হলো শীত আর দূরে নেই। আমাদের ধান পেকে এসেছে, ঘরে তোলার সময় হয়ে গেছে।

এই ফসল কাটামাড়াই শেষ করেই আমরা শীতকালীন শাকসবজি ও আগাম ফসলের চাষে নেমে পড়ব।”

ধূসর কুয়াশা, সবুজ পাতার বুকে মুক্তোর মতো শিশিরকণা আর সোনালি ফসলের ঢেউ-সব মিলিয়ে জয়পুরহাটের পল্লীপ্রকৃতি এখন অপরূপ সাজে সজ্জিত।

ঋতুচক্রের এই স্নিগ্ধ রূপ মনে করিয়ে দিচ্ছে, হেমন্তের বিদায়ের পথ ধরেই খুব দ্রুত জেঁকে বসতে যাচ্ছে শীতের আমেজ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com