জয়পুরহাটে আপন চাচার পাশবিকতায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ভাতিজী, অভিযুক্ত গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলায় আপন চাচার হাতে ধর্ষণের শিকার হয়ে এক মাদ্রাসাছাত্রী (১৫) সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরেছে।
এ ঘটনায় অভিযুক্ত চাচা আজিজুল বারীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মিটনাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রায় ১০ বছর আগে বাবা মারা যাওয়া এবং মা অন্যত্র বিয়ে করায় সে বৃদ্ধা দাদী আজিদা বিবির (৮০) কাছে থাকত। দাদী কাজের জন্য বাড়ির বাইরে গেলে অভিযুক্ত আজিজুল বারী দিনের পর দিন তাকে ধর্ষণ করে আসছিল।
নিয়মিত বোরকা পরার কারণে বিষয়টি প্রথমে কারও নজরে আসেনি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে স্থানীয়দের সন্দেহ হলে গত ২৬ অক্টোবর রাতে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষায় শিশুটির ৭ মাসের গর্ভাবস্থা নিশ্চিত হওয়া যায়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত আজিজুল বারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে প্রায় এক বছর ধরে তার ভাতিজীকে জোরপূর্বক ধর্ষণ করে আসছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর সুরক্ষার মতো কোনো অভিভাবক না থাকায় আদালতের আদেশে তাকে রাজশাহী সেফ হোমে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।