বিশ্ব ডিম দিবসে ক্ষেতলালে ৪০০ শিক্ষার্থীর হাতে ডিম ও বৃক্ষ উপহার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে পুষ্টিসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ৪০০ শিক্ষার্থীর হাতে পুষ্টিকর ডিম তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে ডিমের মতো সহজলভ্য প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরে নিরাপদ ডিম উৎপাদন ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দেন।
সচেতনতা বাড়াতে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পরিবেশবান্ধব নিমগাছের চারা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এতে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।