পঞ্চগড়ে রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, বাড়বে যাত্রীসেবার মান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পিএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চাগড় জেলা প্রতিনিধি

পঞ্চাগড় | ৩০ অক্টোবর ২০২৬

দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পর্যায়ক্রমে রেলবহরে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ যুক্ত হলে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ পরিবর্তনের সুযোগ তৈরি হবে। এতে দেশের বিভিন্ন রুটে যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চাগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

এ সময় তিনি রেলওয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যাত্রীসেবার মান বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে কথা বলেন।

রেলওয়ের মহাপরিচালক জানান, নতুন কোচের একটি অংশ ইতোমধ্যে দেশে এসে রেলবহরে যুক্ত হয়েছে। এসব কোচ দিয়ে প্রাথমিক পর্যায়ে একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে আরও কোচ দেশে আসার সঙ্গে সঙ্গে যাত্রী চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচের পরিবর্তে নতুন কোচ প্রতিস্থাপনের কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

পঞ্চগড় থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা

পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়। দেশের সব রেলপথ এখনো ব্রডগেজে রূপান্তরিত না হওয়ায় আপাতত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, রেলপথগুলো ব্রডগেজে রূপান্তরের পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ এই রুটে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, সেটিও যাচাই করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়েই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নিয়ে যা জানালেন

অন্যদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়ে মহাপরিচালক বলেন, আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত করতে হলে ভারতের অংশেও রেলপথের সংযোগ থাকা প্রয়োজন। শুধু বাংলাদেশের অংশে রেললাইন নির্মাণ করা হলে প্রত্যাশিত আঞ্চলিক যোগাযোগের সুবিধা পাওয়া যাবে না।

তিনি জানান, দুই দেশের সম্মতি থাকলেই এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব। বর্তমানে বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত হলে দেশের বিভিন্ন রুটে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়ার পাশাপাশি যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com