পাঁচবিবিতে ইউপি চেয়ারম্যান মিল্টনের সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টনের বিরুদ্ধে ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য চুক্তিবদ্ধ সংস্হার পরিচালক কর্তৃক ট্যাক্সের ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ, চুক্তিভঙ্গ ও আটকে রেখে মারধর করার অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মিল্টন।
শুক্রবার ৩০ অক্টোবর বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন বলেন, গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় তাঁর বিরুদ্ধে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং আটকে রেখে মারধরের যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য নওগাঁর মান্দা উপজেলার সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজুর রহমানের সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করা হয়।
পরবর্তীতে জানতে পারেন, সংস্থাটি ইউনিয়ন পরিষদের সরবরাহ করা রশিদ বইয়ের পাশাপাশি নকল রশিদ ছাপিয়ে ট্যাক্স আদায় করছে।
গত ৬ অক্টোবর বিষয়টির সত্যতা পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।
পরে ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক করে সংস্থাটির ট্যাক্স আদায়ের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনাটি আদায়কারী সংস্হার পরিচালক স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেয়। আটকিয়ে রেখে মারপিটের বিষয়টি মিথ্যা।
চেয়ারম্যান আরও বলেন, চুক্তি অনুযায়ী সংস্থাটির দেওয়া জামানত বাবদ ১ লাখ টাকার চেক (নং-৬০০৩৯৪৩৭৬৬, জনতা ব্যাংক, মান্দা শাখা) এবং তাদের কমিশনের টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য রুহুল আমিন বলেন, লোকমুখে জানতে পেরেছেন, সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে অভিযোগ দিয়েছেন, সেখানে তাঁকে সাক্ষী করা হয়েছে। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
একই ধরনের বক্তব্য দেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, নুরবানু ও আরমিনা।
এ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।