আদালতের রায়ের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় নিজের পক্ষে যাওয়ার পরও পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও পুলিশি হয়রানির অভিযোগ তুলেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার এক ব্যবসায়ী। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে মো. সাইফুল্লাহ। তিনি রাজধানীর সাভারে অবস্থিত ‘ফিস প্যারাডাইস অ্যান্ড কেসবার্ড’-এর স্বত্বাধিকারী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল্লাহ বলেন, দেবহাটার পারুলিয়া মৌজার বিআরএস ৫৪৬১ ও ৮১৪৮ খতিয়ানের ৮৮৩৩, ৮৮৪০ ও ৮৮৪২ দাগের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা হলে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ আদালত তাঁর পক্ষে চূড়ান্ত রায় দেন। তবে মামলায় পরাজিত হওয়ার পর তাঁর চাচাতো ভাই ও এনসিসি ব্যাংকের পারুলিয়া শাখার কর্মকর্তা সাদিকুজ্জামান লালটু ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকে তিনি ও তাঁর সহযোগীরা বসতবাড়ি, দোকানপাট ও গাছগাছালিসহ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সাইফুল্লাহ।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে তাঁদের পরিবারকে হয়রানি করা হয়েছে। বিগত সরকারের আমলে তাঁদের জামায়াত-শিবির আখ্যা দিয়ে পুলিশি নির্যাতন করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ অভিযোগ করেন, বসতবাড়ির সীমানাঘেঁষে মুরগির খামার গড়ে তুলেছেন প্রতিপক্ষ অগ্রণী ব্যাংকের দেবহাটা উপজেলার পারুলিয়া শাখার জুনিয়র কর্মকর্তা শিবলি নোমানী ও তাঁর ভাই সাইফুজ্জামান প্রিন্স। খামার থেকে ছড়ানো দুর্গন্ধে পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
সাইফুল্লাহর দাবি, সাদিকুজ্জামান লালটু, শিবলি নোমানী, সাইফুজ্জামান প্রিন্স ও শেখ আলী মর্তুজাসহ তাঁদের সহযোগীরা তাঁকে এবং তাঁর ভাই গাজী শহীদুল্লাহকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁদের দোকান ও বসতবাড়িতে মাদকদ্রব্য রেখে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে। এসব ঘটনায় পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ ও তাঁর ভাই শহীদুল্লাহ গাজী আদালতের রায় বাস্তবায়ন, পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে চলমান হয়রানি বন্ধে সরকারের উচ্চপর্যায়সহ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।