মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চোরাচালানবিরোধী অভিযানে চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ টন সিমেন্টসহ আট পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ টন সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় চোরাচালান রোধ এবং অবৈধ পণ্য পাচার বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com