মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাঈদ ও জাহাঙ্গীরকে ফুটবল রেফারিদের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ ও সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার ফুটবল রেফারিরা ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুটবল রেফারিরা ।
গত সোমবার (২৬ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটি প্রকাশ করা হয় । কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসককে । সদস্য-সচিব হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার ক্রীড়া সংগঠক ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ।
জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট স্মারকে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর বিধান অনুসরণ করে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে ।
ফুটবল রেফারিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও গতিশীল হবে। তাঁদের মতে, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই ।
‘সবার জন্য খেলাধুলা, সবার জন্য সুস্থতা’—এই প্রত্যয়ে সম্মিলিত উদ্যোগে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন ।