৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে পারে ঘিওর উপজেলার একাংশ, শনিবার শাটডাউন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের জন্য আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কয়েকটি এলাকায় । এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গ্রাহকদের আগাম সতর্ক করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঘিওর জোনাল অফিসের এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়েছে । এতে বলা হয়, ঘিওর-১ (মাইলাগী) উপকেন্দ্রের ৬এফ ফিডারের আওতায় ট্রান্সফরমারের গ্রাউন্ডিং, ১১ কেভি বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্ত কাঠের ক্রস আর্ম পরিবর্তন এবং লাইনের নিরাপত্তায় রাইট অব ওয়ে পরিষ্কারের কাজ করা হবে ।

দপ্তরাদেশ অনুযায়ী, মাইলাগী থেকে ঘিওর জোনাল অফিস এবং সেখান থেকে ঘিওর বাজারের ব্যাপারীপাড়া পর্যন্ত বিদ্যুৎ লাইনের আশপাশ পরিষ্কার করা হবে । পাশাপাশি ৬এফ ফিডারের বিভিন্ন স্থানে ক্রস আর্ম ও বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন এবং ট্রান্সফরমারের ওয়্যারিংয়ের কাজও করা হবে ।

এসব কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে দল গঠন করা হয়েছে । কাজগুলো তদারকি করবেন জুনিয়র ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান ও মো. আফজাল হোসেন খান । সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এজিএম (ওএন্ডএম) মো. আলাউল হক সরকার ।

ঘিওর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আলীবর্দী খান সুজনের ২৯ অক্টোবর স্বাক্ষরিত দপ্তরাদেশে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজার ব্যবস্থাপনা বণিক সমিতিসহ যেসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব প্রতিষ্ঠানে চিঠি দিয়ে আগাম জানানো হয়েছে । এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় মাইকিং, পত্র বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও গ্রাহকদের অবহিত করা হয়েছে ।

দপ্তরাদেশে বলা হয়েছে, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণকাজ করা হচ্ছে । একই সঙ্গে বিদ্যুতের তারের নিচে বা আশপাশে গাছ না লাগানো এবং তারের সংস্পর্শে আসতে পারে এমন গাছের ডালপালা কাটতে পল্লী বিদ্যুৎ অফিসকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে । কারণ, গাছের ডাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে ।

এ বিষয়ে প্রয়োজনে ঘিওর জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে ০১৭৬৯৪০১৪১৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন গ্রাহকেরা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com