পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালক আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে পাহাড়ে নিয়ে জবাই করার পর মাংস নিয়ে পালানোর সময় আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইযুব মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আবদুর রহিম দুই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ শ্রীমাই এলাকায় নিয়ে যান। সেখানে তাঁদের নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি স্থানীয় সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির বাসিন্দা আইযুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান।
বৃহস্পতিবার ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তাঁরা। এ সময় জমিতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয় কৃষক রফিকের। পরে স্থানীয়দের সহযোগিতায় চালক আবদুর রহিমকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয়দের দাবি, আটকের পর আবদুর রহিম গরু চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থল থেকে গরুর মাংস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর গরুর মালিককে শনাক্ত করা হয়।
গরুর মালিক আইযুব মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, অন্য একজনের কাছ থেকে বর্গা নিয়ে তিনি গরুটি লালন-পালন করছিলেন। গরুটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন জানান, পাহাড়কেন্দ্রিক চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নতুন নয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।