দুটি মাইক্রোবাসসহ ৬ লাখ টাকার ব্যাটারি উদ্বার

চট্রগ্রামে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভুজপুর থানা পুলিশ। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি এবং চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের বিটিএস (BTS) কক্ষের লক ও নিরাপত্তাব্যবস্থা ভেঙে চারটি ব্যাটারি চুরি করে দুর্বৃত্তরা। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়। এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তে পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।

পরদিন ২৮ অক্টোবর আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার পাঁচজনকে দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাকসাম উপজেলার নাউটি এলাকার মো. সোহাগ, ঢাকার কেরানীগঞ্জের নুরার চর এলাকার সাহিদ হোসেন ওরফে শিবলু, লাকসামের নাউটি এলাকার মো. শামসুদ্দিন ও মো. মোজাম্মেল হক, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও এলাকার মো. ইউনুস এবং লাকসাম পৌরসভার পশ্চিম গাঁ (ঠাকুরপাড়া) এলাকার মো. সাইফুল ইসলাম স্বপন।

অভিযানে দুটি নোহা মাইক্রোবাস, VISION ব্র্যান্ডের ৪৮ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন দুটি ব্যাটারি, যার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা, এবং চুরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com