সৌদির অগ্নিকাণ্ডে নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ দেশে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহগুলো নিহতদের নিজ নিজ গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরে নিয়ে যাওয়া হবে।
নিহত সাতজনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার চারজন, নওগাঁ সদর উপজেলার একজন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন। মরদেহ দেশে ফেরায় দীর্ঘ অপেক্ষার অবসান হলেও পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।
গত ৯ আগস্ট রিয়াদের ওই সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। প্রথম পর্যায়ে নয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ২৭ আগস্ট তাঁদের মরদেহ দেশে আনা হয়।
বাকি সাতজনের মরদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তখন পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ তাঁদের পরিচয় নিশ্চিত করে।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত সাত বাংলাদেশি হলেন নওগাঁ সদর উপজেলার মো. শাহিন; আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী; এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহ পাঠাতে বিকল্প পথ নিতে হয়। প্রথমে সড়কপথে মরদেহগুলো রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
এই অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। প্রথম দফায় সাতজন এবং এবার বাকি চারজনের মরদেহ ফেরায় আত্রাইয়ের ১১টি পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। তবে প্রিয়জনকে ফিরে পাওয়ার এই মুহূর্ত আনন্দের নয়, বরং স্বজন হারানোর গভীর বেদনার।