ঘিওর বাজারে পাট-সরিষার গোডাউনে আগুন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর বাজারে পাট ও সরিষার একটি গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার পণ্য পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে ।

গোডাউনের মালিক রামপ্রসাদ রায় (৫৫) । পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে । টিম লিডার শাহিনুর আলমের নেতৃত্বে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় ।

পুলিশের তথ্য অনুযায়ী, গোডাউনে প্রায় ৮০ থেকে ৯০ মণ পাট ছিল । এর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে । আগুনে পুড়ে ও পানিতে ভিজে পাটের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে ।

এ ছাড়া গোডাউনে থাকা ১০ মণ সরিষার আনুমানিক মূল্য ছিল ৪০ হাজার টাকা । এর মধ্যে প্রায় ২০ হাজার টাকার সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে । সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ।

অগ্নিকাণ্ডের পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com