মান্দায় নিষিদ্ধ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের শাওন হাসানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ও গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাওন হাসান (৩০), একই গ্রামের গণেশ ঋষির ছেলে যুগল ঋষি (২২), চক কালিদাস গ্রামের মৃত মরু ঋষির ছেলে অনিল ঋষি (৫৮) এবং পার নওগাঁর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আসিফ আহমেদ (২৬)।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।