মতলবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে তুলে নিয়ে যুবদল সভাপতিকে মারধর, থানায় মামলা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

মতলব প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাকে (৪২) তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বিএনপিরই প্রতিপক্ষ গ্রুপের পৌর বিএনপির সদস্য মিজানুর পাটোয়ারীর নেতৃত্বে একদল সংঘবদ্ধ চক্র হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা ও আবু সামা জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতলবে র‍্যালি বের করা হয়। ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাও সহকর্মীদের নিয়ে ওই মিছিলের সাথে অংশ নেন। র‌্যালীটি মতলব সিঙ্গাপুর প্লাজা থেকে শুরু হয়ে স্থানীয় এনএএম টাওয়ালের কাছে আসলে পূর্বপরিকল্পিতভাবে পৌর বিএনপির সদস্য মিজান পাটওয়ারীর নির্দেশে যুবদল নেতা বাবু পাটওয়ারী, উজ্জ্বল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.তরিকুল ইসলাম, আলী হোসেনসহ আরো ১০/১২জন র‌্যালী থেকে আবু সামাকে ধরে নিয়ে যায়। শিশু মাতৃ ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখে নিয়ে এলোপাথারি কিল ঘুষি লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। আমার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন দৌড়ে আসলে প্রাথমিকভাবে শিশু মাতৃ ডায়াগনস্টিক সেন্টারে আশ্রয় নেই। পরবর্তীতে আবু সামাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। 

সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যক্তিগত শত্রুতাবশত এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় কর্মীদের একাংশ দাবি করছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল এবং যুবদলের একাংশ এই ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেছেন, মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দলীয় অনুষ্ঠানে নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষের এহেন হামলায় সাধারণ কর্মী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত মিজানুর পাটোয়ারী ও তার সাথে থাকা চক্রটিকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com