মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছল মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল সেন্টার চালু করা হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে এ ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়। একই সঙ্গে সেবাগ্রহীতাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। এ উদ্যোগের আওতায় প্রতি মাসে কার্ডধারী অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মো. শাহ নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল সেন্টারের উদ্বোধন ও উপকারভোগীদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান।

পল্লী চিকিৎসক মো. শাহিদুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মো. আসিফ হোসেন অতনু।

এ সময় ফ্রি মেডিকেল সেন্টারের উদ্দেশ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এর প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান মামুন। তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র, বিধবা ও অসচ্ছল মানুষ অনেক সময় অর্থাভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা নিতে পারেন না। এসব মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সিএ সাহেব আলী, আকিদুল আজম জিহাদ, মিসরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ফ্রি মেডিকেল সেন্টারের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন সাংবাদিক তাসিন জামান।

উদ্যোক্তারা জানান, প্রতি ইংরেজি মাসের ১ তারিখ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মেডিকেল সেন্টারে অসহায়, বিধবা, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হবে।

চিকিৎসাসেবা নিতে আসা মোছা. রোকেয়া বেগম ও শাহানারা বেগম বলেন, এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। অনেকেরই টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয় না। এ ধরনের উদ্যোগের ফলে তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন, এতে তাদের অনেক উপকার হবে।

স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com