টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

উচমান গনি টেকনাফ উপজেলা প্রতিনিধি (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বোন হত্যা মামলার এজাহারনামীয় ১ নং আসামি ও দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১।

শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বোন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিঠাপানিরছড়া এলাকায় অবস্থান করছেন। পরে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, আপন ভাইয়ের হাতে বোন হত্যার অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলাটির এজাহারনামীয় ১ নং আসামি তিনি।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com