মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে সার ও ট্রাক দুটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান চালায়। পরে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট-১৬-৩৫৬২ নম্বরের দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সার পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের
জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের প্রশাসনিক চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর তীব্র প্রতিবাদ
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত