ক্যানসারে আক্রান্ত বিএনপি কর্মী নজরুলের মানবেতর জীবন, চিকিৎসার সামর্থ্য নেই পরিবারের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
মোঃ সিফাত মাহমুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী নজরুল ইসলাম (৫৫)। একসময় দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে বিএনপির পক্ষে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলা এই ত্যাগী কর্মী আজ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অর্থাভাবে ব্যাহত হচ্ছে তাঁর চিকিৎসা। পরিবার নিয়ে কাটছে চরম অসহায়ত্বের দিন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নজরুল ইসলাম ও তাঁর পরিবার অপমান, নির্যাতন, হামলা-মামলা এবং ভিটেমাটি ছাড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। দলের কঠিন সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত নজরুল ইসলাম চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়েছে। এ পর্যন্ত চিকিৎসায় চার লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
নজরুল ইসলামের পরিবারেও রয়েছে চরম সংকট। তাঁর একমাত্র মেয়ে ও দুই ছেলে—তিন সন্তানই প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছে বলে পরিবার জানিয়েছে। ফলে অসুস্থ বাবার চিকিৎসার পাশাপাশি সন্তানদের দেখাশোনা ও সংসার চালানোও পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অসুস্থ নজরুল ইসলামের কণ্ঠে এখন শুধুই হতাশা আর অভিমান। তাঁর আক্ষেপ, দলের দুঃসময়ে মাঠে-ঘাটে সক্রিয় থেকে নানা নির্যাতন, হামলা-মামলা ও অপমান সহ্য করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর ব্যবসা-বাণিজ্যেও ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অথচ আজ নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ে দলের কোনো নেতা-কর্মী তাঁর খোঁজ নেননি বলে অভিযোগ করেন তিনি।
একসময় দলের জন্য প্রতিকূলতার মধ্যেও যিনি সোচ্চার ছিলেন, আজ সেই মানুষটিই নিজের চিকিৎসার জন্য অসহায় হয়ে পড়েছেন। তাঁর পরিবারের প্রত্যাশা, বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও সমাজের মানবিক মানুষরা নজরুল ইসলামের পাশে দাঁড়াবেন।
এ অবস্থায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন অসুস্থ নজরুল ইসলামের পরিবার। পরিবারের প্রত্যাশা, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবেন।
একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের কাছেও চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রাজনীতির হিসাব-নিকাশের ঊর্ধ্বে একজন অসুস্থ মানুষের জীবন বাঁচানোর আকুতি কি আমাদের বিবেককে নাড়া দেবে না?
মানবিক সহায়তাই পারে নজরুল ইসলামের চিকিৎসার নতুন আশার আলো দেখাতে। তাঁর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
পরিবারের ফোন নম্বর ০১৮২২-১৮৪১২৬ নজরুলের ভাই(বাবু)