কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, এক লাখ টাকা সমঝোতার অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৬ ইং।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বালুভর্তি ট্রাক্টটের চাপায় পিষ্ট হয়ে হাসানুর (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে মালিক পক্ষের এক লাখ টাকায় বিষয়টি সমঝোতার অভিযোগ স্থানীয়দের।

শনিবার (৩১ অক্টোবর) আনুমানিক বিকাল ৫ টায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামের পাকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর (৭) ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয়রা জানায়, বিকাল বালুভর্তি ট্রাক্টরের চাকা হাসানুরের উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং স্থানীয়রা আরও বলেন, বালুভর্তি ওই ট্রাক্টরের মালিক ভিতরবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতপাড়া গ্রামের বাসিন্দা ফুলবর মিয়া।

ঘটনা ঘিরে এলাকায় যখন শোকের ছায়া বিরাজ করছে। ঠিক সেই সময় ভুক্তভোগী পরিবারের সাথে এক লাখ টাকায় মালিক পক্ষের সমঝোতার অভিযোগ স্থানীয়দের। এতে স্থানীয়দের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলে বলেন, একটি শিশুর প্রাণের মূল্য কী মাত্র এক লাখ টাকা? 

সমঝোতার বিষয়ে জানতে শিশুটির ফুবা হাছিমুদ্দির জানায়, এক লাখ টাকায় স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টি সমঝোতা করা হয়েছে। 

এ বিষয়ে ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, আমি বিষয়টি জেনেছি পরে স্থানীয় লোকজন ১ লক্ষ টাকায় তা সমাধান করেছে।

দূর্ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক প্রধান বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। 

তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হলেও থানায় কোনো মামলা না করে তড়িঘড়ি করে লাশ দাপন করেছে পরিবার।

হাসানুরের এমন অকালে মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে জনবসতিপূর্ণ এলাকায় বালুভর্তি ট্রাক্টরের বেপরোয়া গতিতে চলাচল বন্ধের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com