এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
লালমনিরহাট প্রতিনিধি:
আগামী-২০২৭ সালে এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ অর্জন করবে, তাদের অভিভাবক'সহ বাংলাদেশে জাতীয় সংসদ ভবন ঘুরে দেখানোর ঘোষণা দিয়েছেন-লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
তিনি বলেন, ‘২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার যেসব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, তাদের আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে অতিথি হিসেবে নিয়ে যাব। এছাড়া যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাবে, সেই প্রতিষ্ঠানের জন্য নিজেই বিশেষ পুরস্কার ব্যবস্থা করব।’
শনিবার (৩১ অক্টোবর) বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। এআই এসেছে, এর সঙ্গে পাল্লা দিতে হবে, এআইকে পিছনে ফেলতে হবে। এজন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন,আগামীর বাংলাদেশ গড়তে সুনাগরিক হতে হবে। তোমরা ভালো ফলাফল করেছ, তোমাদের ওপর আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আমরা মনে করি, তোমরা একদিন সুনাগরিক হবে এবং বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে অর্পিত হবে।’
এমপি বলেন, ‘একজন সফল মানুষ হতে হলে কয়েকটি বিষয় অনুসরণ করতে হয়। বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখা কঠিন কাজ। স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা অর্জন করা সম্ভব।’
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ধবলসূতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহামুদুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য এত সুন্দর আয়োজন করায় এমপি মহোদয় ও উপজেলা বিএনপি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকার রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।