নওগাঁয় রাতভর ডিবির অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) মান্দা, নওগাঁ সদর ও বদলগাছী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে মান্দা থানার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের (৩০) বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর ঘরের একটি স্টিলের ট্রাংক থেকে চার কেজি করে পাঁচটি পোটলায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানার কুমাইগাড়ী এলাকায় ফারুক হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া মোশাররফের (৩৩) ঘরের চৌকির নিচে বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এরপর মোশাররফের দেওয়া তথ্য অনুযায়ী বদলগাছী থানার নিহিনপুর গ্রামে শিলংয়ের (২৩) বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শিলংয়ের সহযোগী হিসেবে আরাফাত (২৩) নামে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়।
তিনটি অভিযানে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
মাদক নির্মূলে জেলা পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।