পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন: এমপি ফজলুর রহমান সাঈদের উপস্থিতিতে র্যালি ও ঋণ বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। আলোচনা শেষে প্রধান অতিথি ৬ জন উদ্যোক্তার হাতে মোট সাড়ে ৪ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেন।