পঞ্চগড় সদর ৩ নম্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের রেজার বিশাল শোডাউন ও গণসংযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চাগড় জেলা প্রতিনিধি

পঞ্চাগড় | ১ নভেম্বর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের রেজা। গতকাল দিনব্যাপী উপজেলার প্রধান প্রধান সড়ক ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে তাঁর নিজ কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শোডাউনটি পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন বাজার ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছায়। এ সময় বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন প্রার্থী ও তাঁর সমর্থকেরা। সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

গণসংযোগকালে আবু তাহের রেজা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের রেজা বলেন, পঞ্চগড়বাসীকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান তিনি। এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক সুরক্ষার উন্নয়ন করাই তাঁর প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে পঞ্চগড়কে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শোডাউনে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকেরা অংশ নেন।

গণসংযোগে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের দাবি, প্রার্থী হিসেবে আবু তাহের রেজার সততা ও দূরদর্শিতার কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি শেষ হয়। এ শোডাউন ও গণসংযোগকে কেন্দ্র করে পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের নির্বাচনী মাঠে আবু তাহের রেজাকে ঘিরে নতুন আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com