নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সাগরইল গ্রামে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহের আলী সাগরইল গ্রামের মৃত দেওয়ান মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

রোববার বিকেলে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে এক স্থানীয় ব্যক্তি ধানক্ষেতের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তাহের আলীর ছেলে সোহেল জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য আগামীকাল মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যেতে পারে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com