ঘিওরে গলায় ফাঁ*স দিয়ে যুবকের মৃ*ত্যু, আগের দিন মারধরের অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে সানোয়ার হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নিজ বাড়ির টিনের ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় ফাঁ*স দিয়ে তিনি আ*ত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ।

নিহত সানোয়ার হোসেন ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার শামসুল হকের ছেলে । তাঁর মৃত্যুর পেছনে আগের দিন এক ব্যক্তির মারধর ও অপমানের ঘটনা থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশের সবজিবাগানে কাজ করছিলেন সানোয়ার । এ সময় প্রতিবেশী পিয়াস আহমেদ মুমিনের স্ত্রী রিমি আক্তার অভিযোগ করেন, সানোয়ার তাঁদের গোসলখানার টিনের বেড়ার ওপর দিয়ে তাঁকে গোসল করতে দেখছিলেন । এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মুমিন সানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাঁকে গালাগাল ও কিল-ঘুষি মারেন। পরে আবার মারধরের হুমকি দিয়ে চলে যান ।

পরিবার ও স্থানীয়দের ধারণা, মারধর ও অপবাদের অপমান সহ্য করতে না পেরে সানোয়ার আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ।

খবর পেয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান । তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন । মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে ।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com