বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের টিজিএস গ্রুপের চেয়ারম্যান মি. ইয়িন হং বিং। আজ সকাল সাড়ে নয়টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সিনকোস অটোমেশন টেকনোলজিস লিমিটেডের পরিচালক (প্রকৌশল) নাসিক আক্কাস, আরাইজ ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক কানিজ ফাতিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর সমাধান, বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর ও পরিবেশগত টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)