মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত সাত সদস্যের অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ ।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয় । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ কমিটি অনুমোদন দেওয়া হয় ।
সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করা, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যকরী পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয় ।
এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর স্মরণে ‘হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের বিষয়েও আলোচনা হয় ।
সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত সদস্যরা ।
আরও পড়ুন
বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আব্দুল বারী ড্যানী
কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, এক লাখ টাকা সমঝোতার অভিযোগ
১৬ বছর পর ফের চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন: প্রতিমন্ত্রী আব্দুল বারী