রোয়াংছড়ির আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবে জেলা পরিষদ সদস্য চনুমং
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় বিহার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য চ নু মং ও
শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চ নু মং। প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জিনবোধি মহাথের। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা, সাবেক চেয়ারম্যান শম্ভুনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ির নোয়াপতং এলাকার খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কবিদা মহাথের।
অনুষ্ঠানের প্রথম পর্বে বৌদ্ধ ভিক্ষু সংঘকে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, পিণ্ডদান ও বিবিধ দান করা হয়। দ্বিতীয় পর্বে কঠিন চীবর উৎসর্গ, কল্পতরু দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় আলোচনায় ড. জিনবোধি মহাথের অশান্ত বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সুখ প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন। তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা অনুসরণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি চ নু মং বলেন, বৌদ্ধ বিহার ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারের উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সবার মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়। আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ এ উৎসবের আয়োজন করেন।
আরও পড়ুন
বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আব্দুল বারী ড্যানী
কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশুর, এক লাখ টাকা সমঝোতার অভিযোগ
১৬ বছর পর ফের চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন: প্রতিমন্ত্রী আব্দুল বারী