মতলবে মিছিল থেকে নিয়ে যুবদল সভাপতির উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম
মতলব প্রতিনিধিঃ
মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার উপর ন্যাক্কারজনক হামলায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মতলব পৌর যুবদল।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব এ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ, মোঃ রিপন সরকারকে সদস্য করা হয়েছে।
মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার জানান, হামলার ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে তুলে নিয়ে ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামা (৪২) কে মারধর করেছে প্রতিপক্ষরা। আহতাবস্থায় তাকে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আবু সামা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে আবু সামার ভাগিনা মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মিজান পাটোয়ারীকে ১নং বিবাদীসহ আরো ৫জনকে বিবাদী করে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে।