নেত্রকোনার পূর্বধলায় ফলাফল বিপর্যয়: পাস শূন্য ৩ প্রতিষ্ঠান, তলানিতে কারিগরি শিক্ষা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে চরম বিপর্যয়। সাধারণ ও কারিগরি শিক্ষা—উভয় বিভাগেই আশঙ্কাজনক হারে কমেছে পাসের হার। সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ ধারার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। কারিগরি শিক্ষার অবস্থাও অত্যন্ত শোচনীয়।

​গত ৩১ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেਸ਼ণে শিক্ষার এই ভঙ্গুর চিত্র উঠে আসে।

​সাধারণ শিক্ষায় তলানিতে পাসের হার:

তথ্য অনুযায়ী, সাধারণ ধারার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

​উপজেলার সাতটি সাধারণ কলেজের মোট ২ হাজার ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭৪২ জন। বাকি ১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এই বিভাগে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৬ দশমিক ২৪ শতাংশে।

​কারিগরিতেও বড় ধস:

উদ্বেগ বাড়িয়েছে কারিগরি (বিএম) শাখার ফলাফলও। এই শাখার তিনটি প্রতিষ্ঠানের মোট ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জনই ফেল করেছে। পুরো বিভাগে পাসের হার নেমে এসেছে ৩৫ দশমিক ৭৭ শতাংশে।

​এর মধ্যে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে, যার পাসের হার মাত্র ৬ দশমিক ৮১ শতাংশ। এছাড়া জটিয়াবর কলেজ থেকে ৪৯ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ১০ জন (২০ দশমিক ৪০ শতাংশ)। তুলনামূলক কিছুটা ভালো অবস্থানে থাকা পূর্বধলা সরকারি কলেজ থেকে ১৩৯ জনের মধ্যে পাস করেছে ৭০ জন।

​মাদ্রাসায় কিছুটা স্বস্তি:

বিপর্যয়ের এই ধারার বিপরীতে কিছুটা আশার আলো দেখিয়েছে মাদ্রাসা বিভাগ। তিনটি মাদ্রাসা থেকে অংশ নেওয়া ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন উত্তীর্ণ হওয়ায় এই বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৩৮ শতাংশ।

​শিক্ষাবিদ ও সচেতন মহলের উদ্বেগ:

তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীরও পাস না করা এবং কর্মমুখী কারিগরি শিক্ষায় এই ধস নামায় পুরো উপজেলায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

​স্থানীয় সচেতন মহল ও শিক্ষক সমাজের মতে, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের অভাব, শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং সঠিক মূল্যায়নের অভাবেই এই বিপর্যয় নেমে এসেছে। এলাকার শিক্ষার মান ফিরিয়ে আনতে দ্রুত ব্যর্থতার কারণগুলো খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com