দেবীগঞ্জে করতোয়া নদীতে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা ৬০ হাজার টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চাগড় জেলা প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারের এক প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার দেবীডুবা ইউনিয়নের হালিমের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করে নির্দিষ্ট স্থানে জমা করা হতো। পরবর্তী সময়ে ট্রাক্টরের সাহায্যে এসব বালু বিভিন্ন স্থানে পরিবহন করা হতো।

এ ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারের প্রতিনিধি মোতাহার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com