নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন!

কুবির কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের দৌরাত্ম্য, দর্শক সারিতে শিক্ষার্থীরা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠে দিন দিন বাড়ছে বহিরাগতদের দৌরাত্ম্য। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এ মাঠে বহিরাগতদের অবাধ প্রবেশ ও খেলাধুলার কারণে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক ক্রীড়া কার্যক্রম। মাঠের অধিকাংশ জায়গা বহিরাগতদের দখলে থাকায় অনেক সময় খেলার সুযোগ না পেয়ে দর্শক সারিতে বসে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ নিয়ে কয়েক দফায় বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। বিশেষ করে শুক্রবার ও শনিবার কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক দল মাঠে খেলতে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

‎সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের উপস্থিতি বাড়তে থাকে, যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। মাঠে প্রায় শতাধিক মানুষকে খেলাধুলা করতে দেখা যায়, যাদের অধিকাংশই বহিরাগত। মাঠের মূল অংশে বহিরাগতদের ফুটবল খেলার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে মাঠের এক কোণে খেলতে দেখা যায়। আবার কেউ কেউ খেলার সুযোগ না পেয়ে দর্শক সারিতে বসে সময় কাটাচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি মাঠে মাদক সেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। অন্যদিকে, বৃষ্টির মধ্যেও নিয়মিত খেলাধুলার কারণে মাঠের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে এবং ক্রিকেট পিচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে মাঠের নিরাপত্তা নিশ্চিত করা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিয়মিত পরিচর্যা এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।

‎বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী রকিবুল ইসলাম জিসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্যাম্পাসে নতুন সীমানা প্রাচীর ও সতর্কতামূলক নোটিশ বোর্ড থাকা সত্ত্বেও বহিরাগতদের অবাধ প্রবেশ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে সেন্ট্রাল ফিল্ডে নিয়মিত মাদকের আসর ও নানা অনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। মাঠের পরিবেশ নষ্ট হওয়ায় ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে।”

‎​তিনি আরো বলেন, “এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করলেও নিরব। কেবল একটি নোটিশ টাঙিয়েই কি তাদের দায়িত্ব শেষ? আমাদের দাবি, কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং বহিরাগতদের প্রবেশ, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি ও প্রক্টোরিয়াল টিমের নিয়মিত টহল নিশ্চিত করতে হবে।”

‎কুবি স্পোর্টস ক্লাবের সভাপতি এম এইচ পিয়াস বলেন, “খেলার মাঠে বিশেষ করে রাতে এবং শুক্রবারের ছুটির দিনগুলোতে বহিরাগতরা খেলাধুলা করতে আসে। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক দল এসে মাঠ দখল করে খেলাধুলা করে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পায় না। এমনকি বৃষ্টি চলাকালীনও খেলাধুলা অব্যাহত রাখার কারণে মাঠে ছোট-বড় একাধিক গর্তের তৈরি হয়েছে এবং ক্রিকেট পিচটি মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে।”

‎তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে মাঠের উঁচু-নিচু অংশ সমতল করা, নিয়মিত ঘাস কাটা এবং সার্বিক পরিচর্যার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে।”

‎​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম বলেন, “বহিরাগতদের নিয়মিত মাঠে খেলতে আসার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীদের মাঠের পাশে বসে থাকতে দেখা যায়। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে, যেন বহিরাগতরা অবাধে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতা ও সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”

এ ব্যাপারে ‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, প্রতিনিয়ত বহিরাগতরা মাঠে এসে খেলাধুলা করছে। তারা কেবল আশপাশের এলাকারই নয়, শহর থেকেও অনেকে এখানে খেলতে আসে। এসব বহিরাগত মূল ফটক দিয়ে প্রবেশ না করে মূলত হলের গেট, বিশেষ করে দত্ত হল ও বিজয়-২৪ হলের গেট ব্যবহার করে। তাই বহিরাগতদের প্রবেশ রোধে আমরা হলের গেটগুলোতে নিরাপত্তাকর্মী নিয়োগ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য আমরা কিছু নতুন নির্দেশনা তৈরি করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বিষয়টির প্রতি নজর রাখার আহ্বান জানাচ্ছি।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com