আসন্ন নির্বাচনে দলীয় পরিচয়ের চেয়ে সৎ ও স্বচ্ছল ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের চেয়ে সৎ ও স্বচ্ছল ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।
তিনি বলেছেন, সরকার এলাকার উন্নয়নে বরাদ্দ দিতে পারে । কিন্তু জনপ্রতিনিধি অসৎ হলে সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় না হয়ে ব্যক্তির পকেটে চলে যাবে । তাই সৎ, শিক্ষিত এবং স্বচ্ছল ব্যক্তিকে ভোটাররা বেছে নিলে জনগণ উপকৃত হবে ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর দরবার শরিফে ‘দয়াল বাবা আবুল চান হাজীপুরী স্মরণে ভক্ত মেলা ও বিশেষ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জ পীর-ফকির, সুফি সাধক ও বাউলদের সমৃদ্ধ ঐতিহ্যের জেলা । এ ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব । প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে । আমরা মুসলমান । আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী । আমরা মানবতার ধর্মে বিশ্বাসী ।
তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরিফে হামলা-ভাঙচুর, নির্যাতন, কবর থেকে লাশ তোলার ঘটনাও ঘটেছে । এ ধরনের খারাপ কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । সাধক ও দরবার শরিফ থেকে মানুষ শ্রদ্ধা, ভালোবাসা ও মানবতার শিক্ষা পায় । আমাদের মানিকগঞ্জের সেই সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে ।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, মন্ত্রী হিসেবে এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বরাদ্দ আনার চেষ্টা করবেন । তবে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব জনপ্রতিনিধিদের । প্রধানমন্ত্রী তারেক রহমানও চান সৎ, শিক্ষিত ও যোগ্য ভালো মানুষ জনপ্রতিনিধি হিসেবে আসুক । তাহলে এলাকার উন্নয়ন হবে, সাধারণ মানুষের উপকারে আসবে ।
চেয়ারম্যান নির্বাচনে তার কোনো ভূমিকা নেই উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সৎ ও স্বচ্ছল ব্যক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে । কারণ অসৎ ও অভাবী মানুষ আগে তার নিজের অভাব দূর করার চেষ্টা করবে । আগে নিজের পেট ভরার চেষ্টা করবে । তাই সৎ ও স্বচ্ছল শিক্ষিত যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার দায়িত্ব ভোটারদের ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর দরবার শরিফের পীর মো. আতাউর রহমান । আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মোশাররফ হোসেন চাঁন ও আফরোজা বেগম ডলি । এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে মাল্যদান, বস্ত্র বিতরণ, বিশেষ সংবর্ধনা ও তবারক বিতরণ করা হয় । পরে অনুষ্ঠিত হয় লালন সাংস্কৃতিক সন্ধ্যা ।