গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:

গাইবান্ধায় মাদ্রাসার এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাছান আলী ডাক্তারকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী ট্রাভেলস বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাছান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ীর মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ওই কিশোরীকে মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করা হয়। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করতেন। তারা প্রতি মাসে গাইবান্ধায় এসে মেয়ের সঙ্গে দেখা করতেন এবং মাদ্রাসার খরচ দিয়ে যেতেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে থেকে মাদ্রাসার পরিচালক হাছান আলী ওই কিশোরীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে তারা পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

তবে অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট শুক্রবার ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে পরিচালক ওই কিশোরীকে মাদ্রাসাসংলগ্ন নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে যাওয়ার পর তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যাসহ লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

পরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় অবস্থানরত বাবা-মাকে বিষয়টি জানায় ওই কিশোরী। গত ৩১ আগস্ট তার বাবা-মা গাইবান্ধায় এসে মেয়ের কাছ থেকে বিস্তারিত ঘটনা শোনেন। পরদিন ১ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-২২।

মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com