ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে এসআরবি-১৩’র অভিযান: গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার (৩১ অক্টোবর) রাত থেকে রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী বাজারসংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ৬ কেজি গাঁজাসহ টুটন সরকার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বড়লাজাকাটা এলাকার মৃত লায়েস সরকারের ছেলে।
একই আভিযানিক দল রোববার (১ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে দিনাজপুরের বিরল উপজেলার পাঁচশালা গ্রামে মো. নবাব আলীর (৫৯) বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নবাব আলীকে গ্রেফতার করা হয়। তিনি মো. রহিম উদ্দীনের ছেলে।
অন্যদিকে, একই দিন সকাল ৬টা ৩০ মিনিটে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী (জিনজিনপাড়া) গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হকের (৩১) বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক আব্দুল হককে গ্রেফতার করা হয়। তিনি মো. আব্দুল কাশেমের ছেলে।
এসআরবি-১৩ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় ব্যাটালিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিনজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
আরও পড়ুন
গাইবান্ধায় একজন গুনী শিক্ষকের বিদায়: নিজেও কাঁদলেন-অন্যদেরকেও কাঁদালেন
কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় যুব পুরস্কারে দেশসেরা সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দ্বিতীয় নাটোরের রায়হান