কালীগঞ্জে ৭ নভেম্বর পালনের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
একরামুল ইসলাম তুষার , ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা, এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনির সভাপতিত্বে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। একই সাথে বিএনপির সাবেক ২ নেতা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মশিউর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক সাবেক সফল মেয়র গণমানুষের নেতা, আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মশিউর রহমান, শাজাহান শেখ, আনোয়ারুল ইসলাম রবি, ইলিয়াস রহমান মিঠু, আব্দুল মাজেদ, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, মুন্সী কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মোজাম্মেল হক, এএইচএম আলিম, জুমারত আলি জুম্মা , আবু জাফর, শাহাবুদ্দিন আহমেদ, প্রবীর কুমার বিশ্বাস সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি প্রয়াত দুই নেতার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেন।
সভা শেষে মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।