যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ, ‘রাজনৈতিকভাবে হেয় করতেই সাজানো ষড়যন্ত্র’ দাবি তাঁর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মো. আবু তাহের প্রধানের বিরুদ্ধে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, দাম্পত্য কলহ সৃষ্টি, সংসার ভাঙার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেছেন, ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এমন অভিযোগ তোলা হয়েছে।
আবু তাহের প্রধানের দাবি, একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত করতে এই ঘটনা সাজিয়েছে। তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে বিভিন্ন অভিযোগ উত্থাপনের পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কথোপকথনের একটি অডিও রেকর্ড তাঁর কাছে রয়েছে। প্রয়োজন হলে প্রশাসন ও দলীয় নেতাদের কাছে সেটি উপস্থাপন করবেন বলে জানান তিনি।
জানা গেছে, গত ২০ অক্টোবর মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মাধ্যমে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। সেখানে আবু তাহের প্রধানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা, পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি, সংসার ভাঙার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
অভিযোগগুলো অস্বীকার করে আবু তাহের প্রধান বলেন, এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক অবস্থানকে বিতর্কিত করার উদ্দেশ্যেই একটি পক্ষ এমন অপপ্রচার চালাচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি আবু তাহের প্রধানের পক্ষে বক্তব্য দিয়েছেন। স্থানীয় আলম নামের এক ব্যক্তি বলেন, আবু তাহের প্রধানকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তাঁর ভাষ্য, আবু তাহের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং তাঁর আচরণ-ব্যবহার ভালো। তাঁর বিরুদ্ধে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আবু তাহের প্রধানকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ে কখনো কাউকে উচ্চস্বরে কথা বলতে বা হুমকি দিতে দেখেননি। তাঁর রাজনৈতিক অবস্থান ও পরিচিতি সামনে আসার পর একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন।
আবু তাহের প্রধান আরও বলেন, অন্যের পারিবারিক বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা কিংবা কাউকে ভয়ভীতি দেখানোর মতো কোনো কর্মকাণ্ডে তিনি জড়িত নন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সত্যতা যাচাই না করে যেন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়। তাঁর কাছে থাকা কথোপকথনের অডিও রেকর্ডসহ সব তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে অভিযোগের পেছনের প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।