সোনারগাঁওয়ে দুটি শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আটক ৫, নগদ টাকা ও পিকআপসহ আংশিক মালামাল উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হামেশা ফুড লিমিটেড ও কাশ্মীর গ্রুপের কারখানায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি তামার তার, একটি তামার ববিন একটি পিকআপ, মালামাল বিক্রির ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে হামেশা ফুড লিমিটেডের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে তামার তার, মনিটর ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল। পরদিন রাতে একই কায়দায় কাশ্মীর গ্রুপের কারখানা থেকেও তামার তারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দুটি ডাকাতির মামলা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশের দুটি দল ঢাকা, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে গত ৩১ অক্টোবর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে রাজু (৩০), টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে আবু সাঈদ ওরফে মোল্লাকে (৩৯) এবং গাজীপুর থেকে বাছের মিয়া (২৫), অনিল বাবু (৩৫) ও ইমন হাসান ওরফে রাশেদুলকে (২৮) গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রাজু ও আবু সাঈদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ১ নভেম্বর অন্য আসামিদের সঙ্গে তাদেরও আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা বিচারাধীন ও অনিল বাবুর বিরুদ্ধে ডাকাতিসহ ছয়টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com