চট্টগ্রাম বন্দরের গৃহকর নির্ধারণ: বছরে ২২৪ কোটি টাকা পাবে সিটি করপোরেশন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বছরে ২২৪ কোটি টাকা গৃহকর হিসেবে পরিশোধ করতে হবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক)। সোমবার (২ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সংক্রান্ত আপিলের শুনানি শেষে চূড়ান্ত রায়ে এ কর নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্দরের সম্পত্তির বিপরীতে গৃহকর নির্ধারণে চসিক অ্যাসেস ভ্যালু বা মূল্যায়িত সম্পদের মূল্য ১ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারণ করেছিল। এর ভিত্তিতে বার্ষিক গৃহকর দাঁড়ায় ২৬৪ কোটি টাকা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ চসিকের কাছে আপিল করে। তবে করপোরেশনের শুনানিতে গৃহকরের পরিমাণ কমানো হয়নি।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত করের ৭০ শতাংশ জমা দিয়ে বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী ১৯৮ কোটি টাকা জমা দিয়ে আপিল করে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ শুনানি শেষে চূড়ান্ত রায়ে নির্ধারিত করের ১৫ শতাংশ রহিত করা হয়। এতে বন্দরের বার্ষিক গৃহকর দাঁড়িয়েছে ২২৪ কোটি টাকা।

চসিকের হিসাব অনুযায়ী, আগের বছরের বকেয়াসহ ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে মোট ২৫৫ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে সিটি করপোরেশনের।

একেএম সালাহউদ্দিন আরও জানান, আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে চসিক বছরে ৪৫ কোটি টাকা গৃহকর পেত। তবে সারচার্জ বাদ দিলে প্রকৃত আদায়ের পরিমাণ দাঁড়াত প্রায় ৩৫ কোটি টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বন্দরের গৃহকর বাবদ চসিকের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এদিকে, চূড়ান্ত রায়ের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, তাঁরা এখনো রায়ের বিস্তারিত কপি হাতে পাননি। তাই এ মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com