সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি

নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার চার আসামি ঢাকায় গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

রংপুর প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মামলার ২ নম্বর আসামি মো. মতিয়ার রহমান (৫৫), ৩ নম্বর আসামি রফিফুল ইসলাম (৪৮), ৯ নম্বর আসামি মো. রাসেল (২৪) ও ১০ নম্বর আসামি মো. মিজান (২২)।

এসআরবি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মকবুল হোসেন (৫৬) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। স্বজনেরা তাকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মো. মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি জলঢাকা থানার ২১ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবিও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী এবং সিপিএসসি, এসআরবি-১০, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে।

এসআরবি আরও জানায়, এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই হত্যা মামলার ৪ নম্বর আসামি মো. আনারুলকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com