বদলগাছীতে ট্রাকের চাপায় ব্যাংককর্মী নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাপায় আব্দুল হান্নান (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ৪ নভেম্বর সকালে উপজেলার কেশাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত হান্নান বদলগাছী উপজেলার রুকনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুরে রূপালী ব্যাংক পিএলসি শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে রওনা হন হান্নান। পথে বদলগাছী উপজেলার কেশাইল এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক দেখে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গেলে পাথরবোঝাই ট্রাকটি তাঁকে চাপা দেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান দুর্ঘটনায় আব্দুল হান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com