জয়পুরহাটে নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৬০০ মুরগি লুট
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি মুরগির খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খামারের প্রবীণ নৈশপ্রহরীকে হাত বেঁধে জিম্মি করে প্রায় ৬০০ ব্রয়লার মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাধাবাড়ী এলাকায় অবস্থিত মনোরঞ্জন দাস রতনের পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।
লুট হওয়া মুরগির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন খামারি।
ভুক্তভোগী নৈশপ্রহরী বাদল চন্দ্র (৭০) জানান, রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল খামারে হানা দেয়। তারা মুখ চেপে ধরে তাঁর হাত বেঁধে ফেলে এবং চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে রাখে।
অন্য দুর্বৃত্তরা শেডের নেট কেটে নির্বিঘ্নে মুরগি লুট করে। ভোরবেলায় দুর্বৃত্তরা চলে যাওয়ার পর দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে খামার মালিককে খবর দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খামারের সীমানার কাঁটাতার ও শেডের নেট কেটে মুরগিগুলো একটি পিকআপে তুলে চম্পট দেয় চক্রটি।
খামার মালিক মনোরঞ্জন দাস রতন জানান, সর্বস্ব হারিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।