মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বহুল আলোচিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সোনার বার উদ্ধার এবং হত্যার মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন সাংবাদিকদের জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগর এলাকায় যাত্রীবাহী পরিবহন থেকে পুলিশ পরিচয়ে লুণ্ঠিত ১৫০ ভরি সোনা (যার আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা) এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ১২-১৫জনের একটি দল। পরবর্তীতে লুণ্ঠিত সোনা ও টাকা ভাগাভাগি নিয়ে মারুফ এবং সাকেরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই অংশ হিসেবে মারুফের পরিকল্পনায় গত ২১ অক্টোবর মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল কাউন্টারে কর্মরত অবস্থায় যুবদল নেতা সাকেরকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে সোনা ডাকাতির মামলায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৫ পিস পূর্ণ এবং ১ পিস খণ্ডিত সোনার বার, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাকের হোসেন হত্যা মামলায় মূল পরিকল্পনাকারীসহ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রনি শিকদার (৩৮), শামীমা তাবাসসুম (৩১), অনিমেষ মজুমদার (৫৫), মো. মারুফ হোসেন (৪৪), মো. গোলাম জাহিদ (৪৫) ও বশির আলী।

পুলিশ জানায়, ইতোমধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. জুয়েল হোসেন (৪৭), তৌকির আহমেদ (২৫), মো. ফরিদ মন্ডল (৫৯), মো. মিল্টন মোল্যা (৩৫), মারুফা আক্তার (৩২), মো. গোলাম জাহিদ (৪৫) এবং মো. মারুফ হোসেন (৪৪)।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা পৌর বাস টার্মিনালে রয়েল পরিবহনের একটি কাউন্টারে কর্মরত অবস্থায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন্নাহার রুমা বাদী হয়ে একই দিনে মাগুরা সদর থানায় হত্যা ও অস্ত্র মামলা করেন। নিহত যুবদল নেতা মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com