রহনপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিয়মবহির্ভূতভাবে ও রশিদ ছাড়া ডিএপি সার বিক্রির অভিযোগে এক সার ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে রহনপুর পৌরসভাস্থ মেসার্স কবীর ট্রেডার্সের (স্বত্বাধিকারী মোছা. সুফিয়া বেগম) দোকান থেকে নিয়মবহির্ভূতভাবে ৫ বস্তা ডিএপি সার বিক্রি করা হয়। পরে সারগুলো রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় সাধারণ জনগণ আটক করেন।
এ সময় স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।
পরে গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিয়মবহির্ভূত ও রশিদবিহীন সার বিক্রির দায়ে মেসার্স কবীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আটক করা ৫ বস্তা ডিএপি সার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।
কৃষি উপকরণ বিক্রিতে সরকারি নিয়মনীতি ও নির্ধারিত বিধিবিধান মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।