গাজীপুরে মদের কারবারি ধরতে গিয়ে পুলিশের পিস্তল খোয়া যায়, উদ্ধারে ৫০ হাজার পুরস্কার ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানার এক এএসআইয়ের গুলিভর্তি পিস্তল হারিয়ে গেছে। মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটকের পর থানায় ফেরার পথে অস্ত্রটি খুঁজে না পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
হারানো অস্ত্রটির সন্ধান পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাসন থানার ওসি হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সদস্য পারভেজ মল্লিক জানান, গত ৩১ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উনিশে টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে মদসহ দুজনকে আটক করা হয়। আটকদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তলটি হারিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোথায় অস্ত্রটি হারিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।