মাগুরার শালিখায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে নকল কীটনাশক বিক্রি ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স আশিক ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে সিংড়া বাজারে অভিযান পরিচালনা করে মাগুরা জেলা কার্যালয়। অভিযানে সার, কীটনাশক, বীজ ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠান মেসার্স আশিক ট্রেডার্সের বিরুদ্ধে কৃষকের সঙ্গে প্রতারণা করে নকল কীটনাশক বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি থেকে সিনজেন্টার প্রচুর নকল কীটনাশক জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন সার বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি এবং ভাউচার ছাড়া পণ্য ক্রয়-বিক্রয়ের প্রমাণ মেলে।

পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির মালিক আশিক লস্করকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com